রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার পুরাতন বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন একটি জায়গা থেকে ১৫টি ককটেল ও ২টি পেট্রল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ছাড়া সন্ধ্যায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল রয়েছে বলে খবর পাওয়া যায়।

পরে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করে। দুটি ঘটনাই ঘটে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রল বোমা মজুদ রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

একপর্যায়ে ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। 

উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআরবি-২-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বলেন, এ এলাকা থেকে সন্ধ্যা পর্যন্ত ২০টির মতো ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুরনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

অতিরিক্ত ডিআইজি বলেন, সন্ধ্যায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল থাকার খবর আসে।

পরে এসআরবি এর বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করে। সেগুলো রাতেই নিষ্ক্রিয় করা হয়। তবে সেখান থেকে কতগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তা তিনি জানাননি।