ক্লুলেস মিজান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : পুলিশ
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্লুলেস মিজান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসেবন সংক্রান্ত বিরোধেই পিঠে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মিজান।
এ ঘটনায় মিজানের বন্ধু শাহীন আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ১৪ ইঞ্চি গরু কাটা ছোরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শাহীন আদালতে মিজানকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিজান হত্যার রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে।
নিহত মিজানুর রহমান (২২) চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার শাহীন আলী একই গ্রামের জুয়েল রানার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে (১ অক্টোবর) অনুপনগর মোল্লাপাড়া গ্রামের পার্শ্বে নাইস নামের একটি ইটভাটায় মিজানকে ছুরি মেরে খুন করে ফেলে রাখে অজ্ঞাতপরিচয় কে বা কারা। বুধবার সকালে স্থানীয়রা ভাটায় মিজানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুধবারই থানায় হত্যা মামলা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। শাহীনকে বুধবারই ওই ভাটা থেকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সেখানে তিনি মিজানের পড়ে থাকা মরদেহ দেখতে গিয়ে আটক হন।
জিজ্ঞাসাবাদে শাহীন একাই মাদকসংক্রান্ত কারণেই পরিকল্পিতভাবে মিজানকে হত্যা করেছে বলে জানান। এরপর বৃহস্পতিবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।