মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোডেক'র অগ্রযাত্রা প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপী উপজেলার কাইনমারী ও কানাইনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন সড়ক, আশপাশের খোলা জায়গা, নালা-নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে বাড়ীর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, কোডেক অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, স্থানীয় বিএনপি নেতা নজরুল হাওলাদার, প্রকল্প সুপারভাইজার মোতালেব শেখ, পরিকেশ কর্মী সবুজ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় কোডেক অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, কোডেকের অগ্রযাত্রা প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা ও দীর্ঘদিন পানি জমে থাকার কারণে মশার প্রজনন বৃদ্ধি পায়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা কোডেকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হলে এলাকার পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।
কর্মসূচির মাধ্যমে স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এর আগে কোডেক অগ্রযাত্রা শিশু কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহনে র্যালি অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর, চাঁদপাই, দক্ষিণ কাইনমারী, মিঠাখালী ইউনিয়নের নীতাখালী, গোয়ালীরমেট, চিলা ইউনিয়নে কলাতলা, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, মিঠাখালী খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক, মিঠাখালী শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয় ও চাঁদপাই মেছেশাহ মাধ্যমিক বিদ্যালয় এলাকা জুড়ে এ অভিযান চালানো হবে।