জয়পুরহাটে স্ত্রীসহ বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

জয়পুরহাটে স্ত্রীসহ বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার পর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতিয়ার রহমান সুমনও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আলমগীর হোসেন আলম রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তাঁর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন এবং এতে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ করায় আতিয়ার রহমান সুমন ও তাঁর সঙ্গীরা তাঁকে ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এ ছাড়া তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান সুমন। তাঁর পাল্টা দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আলমগীর ও তাঁর সমর্থকেরা তাঁর ওপর হামলা করেছেন। তিনি বলেন, ‘আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই এবং চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ফসলি জমি খনন করে প্রায় এক মাস ধরে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ জানান এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন। গত সোমবার পুলিশ একটি ট্রাক্টর আটকে দিলেও পরে আবারও চলাচল শুরু হয়। এ নিয়ে শনিবার ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে বৈঠকের কথা ছিল।

রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, ‘শনিবার বৈঠকের কথা ছিল, কিন্তু তার আগেই দুই পক্ষ বিবাদে জড়িয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিব্রত।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, আলমগীরের মাথায় এবং তাঁর স্ত্রী মাহবুবা খাতুনের বাম চোখের পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ার রহমান সুমনের হাতেও আঘাত লেগেছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাঘাতের ঘটনা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।