গাইবান্ধায় ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খামারপাঁচগাছী গ্রামের মতিন মিয়ার ছেলে গাজী মিয়া (৩৪), মৃত আফসার আলীর ছেলে শামছুজ্জামান সরকার (৩৫), ওহেদুল ইসলামের ছেলে এনামুল হক (২৭), নয়া মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩৭) এবং ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের নুরুল আমিনের ছেলে আবু সুফিয়ান (৪৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এসময় খামারপাঁচগাছী গ্রামে গাজী মিয়ার বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে দুই পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজী মিয়াকে চার মাস এবং অন্য চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের মোট ৯৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।