বগুড়ায় যুবকদের তিন সপ্তাহব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত
যুবকদের স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় তিন সপ্তাহ মেয়াদি পোশাক তৈরি বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়ায় অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া সদর এর আয়োজনে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেল। বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাবেক ছাত্রনেতা রবিউল হাসান দারুন।
এতে বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সারোয়ার হোসেন, সদর উপজেলা প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, অগ্রগতি বহুমুখী যুব ও সমাজ কল্যাণ সংঘের সাধারন সম্পাদক রিয়েল সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের পোশাক তৈরি ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজ উদ্যোগে কাজ শুরু করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। দেশের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। পোশাক তৈরি একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র।