দুই শিশুকে ধর্ষণের দায়ে বগুড়ায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড
প্রতিকি ছবি
বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়, যা ভুক্তভোগী শিশুদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ আড়োলা আবাসন প্রকল্পে নিজ ঘরে ডেকে নিয়ে ওই দুই শিশুকে খাবারের লোভ ও টাকার প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতন চালান নুর ইসলাম। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন তিনি। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয় এবং অপর শিশুর রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন। পরে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, আদালত দুটি পৃথক সাজায় ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজা ভোগের পর অপর সাজা শুরু হবে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীদের পরিবার