জামায়াত নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: মির্জা ফয়সল
ছবি: সংগৃহীত
জামায়াত নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন।
তিনি বলেন, আমি আমার দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছি, আমরা কোনো অবস্থাতেই দায়িত্বশীলতার ঘাটতি হতে দেব না। অন্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া যাবে না। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, সবাই জনগণের কাছে যাবেন, মানুষের হৃদয় জয় করে সঠিক নির্বাচনী কৌশল অবলম্বন করে বিজয়ী হওয়ার চেষ্টা করবেন। এতে কোনো অসুবিধা নেই। মানুষ যদি আপনাকে ভালোবেসে ভোট দেয়, আমরা তা সানন্দে গ্রহণ করব।
তিনি আরও বলেন, আপনারা সচেতন থাকবেন, যেন কোনোভাবেই কেউ নির্বাচনকে বিতর্কিত করতে না পারে। জনগণই সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে। জনগণ যদি চিৎকার করে বলে আপনাকে, অর্থাৎ ধানের শীষকে ভোট দেবে, তাহলে আমার কি কাউকে ভোট দিতে বাধা দেওয়ার প্রয়োজন আছে? আমার কোনো নেতাকর্মী কাউকে বাধা দিচ্ছে না।
নির্বাচনী প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন। কেউ যেন অন্য প্রার্থীর প্রচারণায় বাধা না দেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।