আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
প্রতিকি ছবি
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে। শারমিন গ্রুপ এটিকে ‘আত্মহত্যা’ বললেও নিহতের পরিবারের দাবি, তাকে অপমানের পর হত্যা করা হয়েছে। পাল্টাপাল্টি এমন দাবির পর এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর পুরো ঘটনার রহস্য উন্মোচিত হবে।
বুধবার দুপুরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে শারমিন গ্রুপের কারখানা থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো. জামাল উদ্দিন গাজীপুর সদরের বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি পোশাক তৈরি কারখানা শারমিন গ্রুপের ডিভিশন-৩ এর সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, অফিশিয়াল বা অন্য কোনো আক্রোশের জেরে তাকে হত্যা করে ঘটনাটি ধামাচাপা দিতে নাটক সাজানো হয়েছে। তাদের দেখতে না দিয়ে লাশ দ্রুত মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
নিহতের স্ত্রী নাহার জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তার স্বামী জামাল উদ্দিন কারখানা থেকে ফোন দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, তাকে কারখানায় অপমান করা হয়েছে। সকালেও একই কথা বলেছেন জামাল উদ্দিন। তখনো বলেছেন যে, মালিক খারাপ। তাকে যে কোনো কিছু করতে পারে। পরে তাকে অফিসে যেতে নিষেধ করা হয়। অফিস থেকে উল্টো ফাঁসিয়ে দিতে পারে বলে বাধ্য হয়েই তিনি অফিসে যান। কিন্তু অফিসে যাওয়ার পর ফোন রিসিভ করেননি তিনি। তবে দুই ঘণ্টা পর একজন ফোন রিসিভ করে জানান, জামাল উদ্দিন অসুস্থ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আবার জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তিনি কখনো আত্মহত্যা করতে পারেন না। নাহার আরও জানান, শারমিন গ্রুপের মালিকের ছেলে তাকে অপমান করেছেন।
ঘটনা সম্পর্কে নিহতের ভাই ফখরুল হাসান জানান, সকালে অফিসে আসার পর সাড়ে ৯টার দিকে জানানো হয় তিনি ভবন থেকে লাফিয়ে মারা গেছেন। কিন্তু যার ছোট বাচ্চা রয়েছে ও প্রতিষ্ঠিত কর্মকর্তা, তিনি কখনো আত্মহত্যা করতে পারেন না। এটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। কারখানা কর্তৃপক্ষ ও ভিতরের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
প্রাথমিক সুরতহাল করা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম জানান, নিহতের হাত ও পা ভেঙে যেতে পারে ও ছাদ থেকে লাফ দেওয়ায় নাক-মুখ দিয়ে রক্ত এসেছে।
শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, নিহত জামাল উদ্দিন সকালে নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি। সেগুলো সাংবাদিক ও পুলিশকে সরবরাহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে তিনি নিজেই ছাদে যান এবং দুই মিনিটের মতো ফোনে কথা বলেন। এরপর তিনি ছাদের সেফটি দেয়ালের ওপর ১৫ মিনিট বসে থাকার পর লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত করতে পারবে তাকে কোনো মারধর করা হয়েছে কি না।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।