বরিশালে ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

বরিশালে ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রতিকি ছবি

বরিশাল নগরীতে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে উদ্ধার করতে গিয়ে ভাড়া বাসা থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টা করা তরুণীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিয়া রাইড এলাকার কালাম হোসেনের মেয়ে শামিমা খাতুন (২২), গাইবান্ধার শিবপুর সাহাপাড়ার ভোলা শেখের মেয়ে জান্নাত আক্তার (২২) এবং নোয়াখালীর কবিরহাট এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল ফারুক (৩১)। ফারুক নগরীর কালুখান সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন।

ওসি মনিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল কালুখান সড়কে মিজানের ভাড়া বাসায় যায়। সেখানে একটি কক্ষে এক যুবক ও দুই তরুণীকে দেখতে পায় পুলিশ। তাদের মধ্যে এক তরুণী কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। পুলিশ তাকে নিবৃত্ত করে। পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে দুই তরুণীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, তার ভাষ্য অনুযায়ী, দুই তরুণী গত সোমবার ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীতে মিজানের বাসায় আসেন। মিজান মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং তিনি নগরীর মাদকসেবীদের কাছে ইয়াবা খুচরা বিক্রি করেন বলে দাবি করেন ওসি। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।