ক্যাম্পাসে মাদক বিক্রি-ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
প্রতিকি ছবি
কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ফয়সাল হাসান (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে যশোর সিটি কলেজে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ফয়সালকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে এবং জাতীয়তাবাদী ছাত্রদল যশোর সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদক। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফয়সাল অভিযোগ করে জানান, অংকন (১৮) নামের এক তরুণ দুপুর ১টার দিকে কলেজের পাশের একটি গলিতে তাকে ছুরিকাঘাত করেছে। অংকন শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা।
ফয়সাল আরও জানান, অংকন দীর্ঘদিন ধরে সিটি কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার দুপুরে এসব বিষয়ে তার কাছে জানতে চাইলে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন চাকু দিয়ে ফয়সালের নিতম্বে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি হাসনাত বলেন, ফয়সালকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, এ ঘটনায় অভিযুক্ত তরুণকে ধরতে অভিযান চলছে।