ডেমরায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের
প্রতিকি ছবি
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে, দুপুর আড়াইটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বামৈল এলাকায় একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রুবেল মিয়া জানান, বিকেলে তাঁর বাবা গ্যারেজে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহত তুলা মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উল্লারপাড় গ্রামের শহর আলীর ছেলে। তিনি বর্তমানে ডেমরার বামৈল পুরাতন বাঁশতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।