সাভারের হেমায়েতপুরে সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
প্রতিকি ছবি
সাভারের হেমায়েতপুরে ‘মাদানী সুপার মার্কেট’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ট্যানারি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ওই মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. তুষার আহমেদ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ছয়টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
তবে কীভাবে বা কী থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস বা স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।