‘সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্য ও বেকার সমস্যা দূরীকরণ’
ছবি: সংগৃহীত
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা, স্বাস্থ্য ও বেকার সমস্যা দূরীকরণ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা রেল স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত যাত্রা বিরতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেকার সমস্যা দূর করতে হলে আমাদেরকে কল কারখানা তৈরি করতে হবে। এই সরকার আট মাসে অনেক কাজ করেছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ রাস্তাঘাটের উন্নয়নে কাজ করছেন। ১৭ বছর ধরে আমরা যে বঞ্চিত হয়েছি তার প্রমাণ হলো আমাদের রেল, রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা স্বাস্থ্যসেবায় সমস্যাসহ সব খানে সমস্যা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ সরকার টাকা এনে কাজ না করে মেরে দিয়েছে তাই রাস্তাঘাটের এই বেহাল দশা।
এসময় তিনি আরও বলেন, মহানগর প্রভাতী ট্রেনের আজ থেকে কসবা রেল স্টেশনে যাত্রা বিরতি শুরু হলো। এটি কসবাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিলো। আজ সেটি পূর্ণ হলো। প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিকতার ফসল মহানগর প্রভাতী ট্রেনের যাত্রা বিরতি। এসময় তিনি প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ যারা এ অর্জনে সহায়তা করেছেন সকলের প্রতি ধন্যবাদবও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ থেকে মহানগর প্রভাতীর যাত্রা বিরতি শুরু হয়েছে। বিলম্বের কারণে দুপুর সাড়ে বারোটায় এসে সীমান্তবর্তী কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছায় মহানগর প্রভাতী। এই যাত্রা বিরতি দেখতে স্টেশন ছিলো লোকে লোকারণ্য। পরে ফুল ছিটিয়ে বরণ করা হয় মহানগর প্রভাতীকে। এই ট্রেনে করেই কসবা রেল স্টেশনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের নিয়ে নামেন প্রধান অতিথি সাংসদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাসুদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন নাজমুল হুদা খন্দকার, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. শরীফুল ইসলাম ভুইয়া।