অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা
ফাইল ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার ও অননুমোদিত রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নে অবস্থিত সততা আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শ্রীনগর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ, শ্রীনগরের উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি এবং পুলিশের একটি দল।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, মেঝেতে খাবার রাখা এবং আইসক্রিম তৈরিতে অননুমোদিত রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
পাশাপাশি জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্তোষজনক পরিবর্তন না হলে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও সতর্ক করা হয়।