চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীতে চুরির চেষ্টার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে মো. ইমন নামে এক যুবককে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে- আবদুর রহমান জিসান, ইয়াছিন আরাফাত, মো হাসান এবং মিজানুর রহমান নামে চার যুবককে গ্রেফতার করা হয়। নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। নিহত ইমন বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
সিএমপি’র বাকলিয়া থানার ওসি শাহিনুর আলম বলেন, আবাসিক এলাকার একটি পান সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করেন স্থানীয় কয়েকজন যুবক। পরে লাঠিসোঁটা দিয়ে তাকে দফায় দফায় মারধর করা হয়। মারধরের ফলে তার শারীরিক অবস্থা অবনতি হলে অজ্ঞান অবস্থায় একটি সেতুর নিচে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করে।