সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবনের অভিযোগে ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় একজন, চুরির মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, ধর্ষণচেষ্টা মামলায় একজন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন, মো. সোহাগ (৩৪), মো. রিফাত (২৩), মো. স্বপন (১৯), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. সিজান (২৫), মো. মনির হোসেন (৪০), মো. মোসলেম (৩৮), মো. রিয়াজ (২৮), মো. শরিফ মিয়া (২৪), শামীম (৪৫), বাবু (২৫) ও মো. রিমন (২১)। তারা বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় সাদ্দাম হোসেন (৩২), ধর্ষণচেষ্টা মামলায় মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া (৬০), চুরির মামলায় মো. সানোয়ার হোসেন ফাহিম (২২) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় হামিম ওরফে মো. রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাছেদ (৫৮) ও মো. মেহেদুল ইসলামকে (২৮) কে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।