রাবির তিন ভবনে বসছে পাঁচটি লিফট, পরিদর্শনে উপাচার্য

রাবির তিন ভবনে বসছে পাঁচটি লিফট, পরিদর্শনে উপাচার্য

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি একাডেমিক ভবনে পাঁচটি লিফট স্থাপন করা হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত সহজ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ভবনগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিজ্ঞান ভবনে দুটি, তৃতীয় বিজ্ঞান ভবনে দুটি এবং মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিগগিরই লিফট স্থাপনের কাজ শুরু হবে।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “চার-পাঁচতলা ভবনে ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। বিশেষ করে উঁচু ভবনগুলোতে চলাচল সহজ করতে আমরা ইউজিসির কাছে লিফট স্থাপনের আবেদন জানিয়েছিলাম। সম্প্রতি পাঁচটি লিফটের অনুমোদন পেয়েছি। এর মধ্যে দ্বিতীয় বিজ্ঞান ভবনে দুটি, তৃতীয় বিজ্ঞান ভবনে দুটি এবং মমতাজউদ্দিন আহমেদ কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে।”

তিনি আরো বলেন, “আমরা আরো বেশি লিফট চেয়েছিলাম, তবে আপাতত পাঁচটি অনুমোদন পেয়েছি। এর জন্য বাজেটও অনুমোদিত হয়েছে। আজ প্রকৌশল ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিদের নিয়ে ভবনগুলো পরিদর্শন করেছি। লিফট স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণ করাই ছিল এ পরিদর্শনের মূল উদ্দেশ্য। খুব শিগগিরই কাজ শুরু হবে।”

প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন শিক্ষার্থীদের প্রবেশ ও চলাচলে যেন সমস্যা না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও র‌্যাম্প ও লিফটের মতো প্রয়োজনীয় সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।”

উপাচার্য আরো জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব উঁচু ভবনে এখনো লিফট নেই, সেগুলোতেও পর্যায়ক্রমে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচল সহজ করার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গনকে আরো প্রবেশগম্য করে তোলাই এসব উদ্যোগের লক্ষ্য।