মাগুরায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ
প্রতিকি ছবি
মাগুরার সদর উপজেলার চেঙ্গারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ৫-৬ জন ছাত্রীর পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। গত বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত দল বিদ্যালয়ে গিয়ে এ ঘটনার তদন্ত করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক আরিফ দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছিলেন। এসব বিষয়ে প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে একাধিকবার মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার পর মৌখিকভাবে ওই শিক্ষককে পাশের একটি স্কুলে সংযুক্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ জানান, অভিভাবকদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগের প্রমাণ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।