শ্রীপুরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে ব্যক্তির আঙুল বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী।
বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, নুর মোহাম্মদের দেওয়া তথ্য অনুযায়ী, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে তিনি পড়ে থাকা ককটেলসদৃশ বস্তুটি হাতে নিয়ে নাড়াচাড়া করেন। এ সময় সেটি বিস্ফোরিত হলে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বস্তুটি সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।