খেলাধুলাই যুবসমাজকে মাদক-অপকর্ম থেকে দূরে রাখতে পারে: এমপি মাজেদ বাবু

খেলাধুলাই যুবসমাজকে মাদক-অপকর্ম থেকে দূরে রাখতে পারে: এমপি মাজেদ বাবু

ছবি: সংগৃহীত

খেলাধুলাই আমাদের যুবসমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে দূরে রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এর আগে তিনি নানা ইস্যুতে রাজিবপুর বাজারে গণসংযোগ করেন এবং স্থানীয় দর্শকদের সাথে নিয়ে ম্যাচটি উপভোগ করেন।

খেলায় ভালুকা উপজেলার বন্ধন স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী বক্তব্যে এমপি মাজেদ বাবু বলেন, খেলাটি আমি অত্যন্ত উপভোগ করেছি। দুই দলই খুব ভালো খেলেছে। খেলায় এক দল জিতেছে, অন্য দল হেরেছে; আমি বিজয়ী ও পরাজিত উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি রাজিবপুরের দর্শকদের এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং আয়োজকদের ধন্যবাদ জানাই।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের খেলাই আমাদের যুবসমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে দূরে রাখতে পারে। আমাদের এ রকম আরও বেশি বেশি খেলার আয়োজন করতে হবে এবং যুবসমাজকে অবশ্যই খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গঠন করাই আমাদের মূল প্রত্যাশা।