‘অভিনয়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই’, স্পষ্ট জানালেন ঋত্বিক

‘অভিনয়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই’, স্পষ্ট জানালেন ঋত্বিক

ছবি সংগৃহীত।

অভিনয়ে নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। সমসাময়িক অভিনেতাদের মধ্যে নিজের চেয়ে কাউকে এগিয়ে রাখেন না তিনি। এমনকি নিজের সমকক্ষও কাউকে মনে করেন না এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ঋত্বিক।

টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ঋত্বিককে প্রশ্ন করা হয়, এই সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে যারা অভিনয়ে তার চেয়ে এগিয়ে এবং যাদের দেখে তার ঈর্ষা হয়। উত্তরে এক মুহূর্তও না ভেবে তিনি বলেন, ‘আমাদের এই সময়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই। আমার সমান কিংবা আমার চেয়ে একটু পিছিয়ে আছে। আমার চেয়ে এগিয়ে কেউই নেই।’

সমসাময়িক অভিনেতাদের নিয়ে এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পাশাপাশি অতীতের কয়েকজন অভিনয়শিল্পীর প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন ঋত্বিক। আগের প্রজন্মের এমন তিনজন অভিনেতার নাম জানতে চাইলে তিনি উল্লেখ করেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জির নাম।

ঋত্বিক মনে করেন, চলচ্চিত্রে প্রচলিত বাণিজ্যিক নায়কদের পাশাপাশি দক্ষ অভিনেতাদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। তার মতে, আগের মতো বাণিজ্যিক সিনেমা তৈরি না হওয়ায় শুধু তারকা নির্ভরতা দিয়ে চলচ্চিত্রের সাফল্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রচলিত কমার্শিয়াল সিনেমাগুলো তেমন আসছে না। তার মানে, ওই হিরোদের দিয়েও সিনেমাগুলো চালানো যাচ্ছে না। এর মধ্য থেকে একটা বিষয় স্পষ্ট, অভিনেতা লাগবেই। এখন ভালো অভিনেতা যদি খুঁজে বের করতে না পারো, তাহলে ইন্ডাস্ট্রির ক্ষতিই হবে।’

সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় অভিনয় করে সম্প্রতি প্রশংসা পেয়েছেন ঋত্বিক। দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমাতেও দেখা গেছে তাকে। এতে এক উগ্রপন্থীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী।