‘বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রস্তুতি নিতে হবে’

‘বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রস্তুতি নিতে হবে’

ছবি সংগৃহীত।

বাংলাদেশকে শোষণমুক্ত, সুবিচারভিত্তিক ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে জামায়াতে ইসলামীর কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান হেলালী।

তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে কাজ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একটি স্থানীয় রেস্টুরেন্টে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড জামায়াতের আমির ও আকবরশাহ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মো. আবদুল মোমেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও আকবরশাহ থানা আমির আলহাজ আবদুল হান্নান চৌধুরী বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার বাস্তবায়নে ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই। জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক অবক্ষয় রোধ ও মানবাধিকার সুরক্ষায় নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। বৈষম্যহীন ও সৎ সমাজ গঠনে ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান হেলালী আরও বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সৎ, দক্ষ ও খোদাভীরু নাগরিক গড়ে তুলতে জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলনে আকবরশাহ থানা ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।