আখাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

আখাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার, সংসদ সদস্য মুশফিকুর রহমানের উদ্যোগে নগদ অর্থ এবং পৌরসভার অর্থসহ সরকারি বরাদ্দের চাল।

সোমবার দুপুরে আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি বাহার মিয়া, উপজেলা বিএনপি নেতা শওগত হোসেন খান সোহাগ, মন্তাজ মিয়া ও শেখ আমজাদ হোসেন বাবু।

এ ছাড়া বক্তব্য দেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুটন বনিক।

অনুষ্ঠানে ৮০ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া সংসদ সদস্য মুশফিকুর রহমানের দেওয়া এক লাখ টাকা এবং পৌরসভার দেওয়া ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

এর আগে রবিবার বিকেলে বিভিন্ন দপ্তরে কর্মরত অসহায় সনাতন ধর্মাবলম্বী ২০ নারীর হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন পৌর প্রশাসক তাপসী রাবেয়া।