আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না: পানিসম্পদমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না: পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত

 

ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণে নির্বাচিত সরকারের জবাবদিহিতা রয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে। বিগত সময় যে সরকার ছিল তাদের কোনো জবাবদিহিতা ছিল না। যখন যেটা দরকার পড়েছে, সেটা করে নিয়েছে। এভাবে স্বর্ণ ব্যবসায়ীরা উপকৃত হবে না, অন্য ব্যবসায়ীরা উপকৃত হবে না, সাধারণ মানুষও উপকৃত হয়নি। 

তিনি বলেন, ‘এজন্য ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, ব্যাবসার অবস্থান ততবেশি মজবুত হবে।’ 

মন্ত্রী বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, ‘আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। স্বর্ণ ব্যাবসার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত রাখতে পারবেন, তাহলে আপনাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। সেই সুযোগ তৈরির ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলাকেও অগ্রাধিকার দিতে হবে।’

বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।