পরিচালক দীপঙ্করের আকস্মিক মৃত্যু
ছবি সংগৃহীত।
টলিউডে আবারও শোকের খবর। প্রয়াত হয়েছেন সহকারী পরিচালক দীপঙ্কর সরকার। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো সমস্যার সঙ্গে এই মৃত্যুর যোগসূত্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
কাজের সূত্রে কলকাতায় থাকতেন দীপঙ্কর। তবে তার পরিবারের সদস্যরা কলকাতার বাইরে থাকেন। হঠাৎ তার মৃত্যুর খবর সামনে আসতেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন তার পরিচিতজনেরা।
টলিউডে সহকারী পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল দীপঙ্করের। পরিচালক পথিকৃৎ বসুর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
জিৎ অভিনীত পথিকৃৎ বসুর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতেও সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন দীপঙ্কর। তার এমন আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন পরিচালক। দীপঙ্করের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার দীর্ঘদিনের বন্ধু পরিচালক শুভ্রজিৎ মিত্রও।
বন্ধুর স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘দীপঙ্কর ভীষণ ভালো মানুষ ছিলেন, এমন ভদ্র ছেলে খুব কম দেখা যায়’।
দীপঙ্করের শেষ কাজ ছিল ‘স্পর্ধা’ ছবিতে। পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক অভিনীত এই ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি ভালো মানুষ হিসেবেও পরিচিত ছিলেন দীপঙ্কর। তার আকস্মিক মৃত্যুতে শোকের আবহ টলিউডে।