‘তাদের আমি গোনায় ধরি না’ কাদের বললেন কনকচাঁপা?
ছবি সংগৃহীত।
নিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামকে ভালোবাসা এবং মানবতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। তার মতে, মানবতার জন্য কাজ করার অর্থ ধর্মীয় বিধিনিষেধ উপেক্ষা করা নয়। বরং ধর্মীয় বিশ্বাস অটুট রেখেও মানুষের সেবা করা সম্ভব।
একই সঙ্গে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে নয়, নিজের মনের গভীর বিশ্বাস থেকেই ইসলামকে ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ধর্মীয় দর্শন, পারিবারিক পরিচয়, পড়াশোনার অভ্যাস ও জীবনবোধ নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী। সেখানে নিজের বিশ্বাসের পাশাপাশি ইসলাম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং মানবতার সঙ্গে ধর্মের সম্পর্ক নিয়ে মতামত তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসের শুরুতে নিজেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক ও গর্বিত মুসলমান হিসেবে পরিচয় দেন কনকচাঁপা। সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নিজের পারিবারিক পরিচয় প্রসঙ্গে কনকচাঁপা জানান, তার বাবা আজিজুল হক মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর ছিলেন। মা মোমেনা জাহান একজন ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। তার বাবা-মায়ের জন্ম সিরাজগঞ্জের কাজিপুরে হলেও কনকচাঁপার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তার স্বামী মইনুল ইসলাম খান একজন সুরকার ও সংগীত পরিচালক।
নিজের ধর্মীয় বিশ্বাসের কথা বলতে গিয়ে কনকচাঁপা লেখেন, ‘আমি আমার নিজ ধর্মের মৌলিকত্বে খুবই বিশ্বাস করি। অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে, আমার স্রষ্টা আল্লাহ তায়লাকে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সঃ কে।’
আল্লাহকে স্মরণ করা এবং মৃত্যু নিয়ে চিন্তা করতেও ভালোবাসেন বলে জানান এই গায়িকা। পরকাল, কেয়ামত, হাশরের ময়দান, আল্লাহর বিচার এবং বিচার শেষে অনন্ত শান্তির বিষয়ে তার দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসলাম ও মহানবীকে নিয়ে কটাক্ষের বিষয়েও নিজের মতামত তুলে ধরেছেন কনকচাঁপা। তার বিশ্বাস, মহানবী সম্পর্কে যথাযথভাবে জানলে কেউ তাকে নিয়ে বিদ্রূপ করার মতো কাজ করতেন না। এ প্রসঙ্গে তিনি লেখেন,
‘যারা আমাদের নবীজিকে ব্যাঙ্গ করে, আমার বিশ্বাস নবীজি কে তা জানলে তারা কখনও এই গর্হিত কাজ করতো না। আর এতে ইসলামের এবং নবীজির এবং আমাদের কিছু আসে যায় না। যারা ইসলামের আদবকেতা নিয়ে কটাক্ষ করে তাদের ও আমি গোনায় ধরি না। তাদের জন্য আমার মাছি তাড়ানো তাচ্ছিল্য ও নাই।’
পড়াশোনা ও বই পড়ার প্রতিও নিজের আগ্রহের কথা জানিয়েছেন কনকচাঁপা। পাঠ্যবইয়ের বাইরেও নিয়মিত বই পড়েন তিনি। পবিত্র কোরআনকে তার কাছে বিস্ময়কর গ্রন্থ বলে উল্লেখ করে জানান, আরবি ভাষার পাশাপাশি বাংলায় কোরআন পড়ে এর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করেন তিনি।
মানবতা ও ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে কনকচাঁপা বলেন, মানুষের মধ্যে মানবিক গুণ থাকা জরুরি। তবে ধর্মীয় বিশ্বাস বজায় রেখে মানবতার জন্য কাজ করায় কোনো সমস্যা দেখেন না তিনি।
তার ভাষায়, ‘অনেকে বলে মানবতাই বড় ধর্ম।অবশ্যই মানুষের মানবিক গুণ থাকতেই হবে কিন্তু আমি যদি ধার্মিক বা ধর্মভীরু হয়ে মানবতার জন্য কাজ করি তাতে আমি কোনো অসুবিধা দেখি না। মানব সেবার অজুহাতে ধর্মীয় বিধিনিষেধ এড়িয়ে চলা আমার কাছে ফাঁকিবাজি মনে হয়।’
তার মতে, সব ধর্মের মূল শিক্ষা শান্তি। তবে মানবতার পক্ষে কাজ করতে হলে নিজের ধর্মীয় বিশ্বাস অস্বীকার করতে হবে, কিংবা সমাজে গ্রহণযোগ্য হতে হলে ধর্ম থেকে দূরে থাকতে হবে- এমন ধারণার সঙ্গে একমত নন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে নিজের ধর্মীয় বিশ্বাসের দৃঢ়তা প্রকাশ করে কনকচাঁপা লেখেন, ‘আমি মুক্ত কণ্ঠে বলতে চাই মুসলমানের ঘরে জন্মেছি বলে নয়, আমার মনের দৃঢ় বিশ্বাস থেকেই, খুব ভালোবেসে আমি ইসলাম ধর্ম নিজের ক্কলবে ধারণ করেছি। আলহামদুলিল্লাহ।’
সবশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন এই সংগীতশিল্পী। পাশাপাশি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।