শিবচরে জামায়াত নেতার ভিডিও ভাইরাল, দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি
ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে শিবচর উপজেলা জামায়াতে ইসলামী। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নিলখী ইউনিয়ন শাখার নেতা তাইজুল ইসলামের বিরুদ্ধে নৈতিকতাবিবর্জিত কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি উপজেলা শাখার নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও অভিযোগ পর্যালোচনার স্বার্থে তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শিবচর উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন মৃধা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হন। তাকে দলের দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাকে ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে মনে করতেন। অভিযোগের বিষয়টি জানার পর তাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এর পরদিন সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে তার কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভিডিওতে দেখা যাওয়া নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন তাইজুল ইসলাম। তবে এ বিষয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, নারীদের বিভিন্ন সমস্যা সমাধান ও চিকিৎসার কথা বলে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাইজুল ইসলাম।