বাস-ট্রাক সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন। বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা এলাকার শফিফুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষে আরও চার থেকে পাঁচজন আহত হন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তবে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।