পাবনায় পদ্মার চরের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি
প্রতিকি ছবি
পদ্মা নদীর চরের দখল কেন্দ্র করে পাবনা ও কুষ্টিয়া সীমানায় অস্ত্রধারী দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দফায় দফায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নদী ও চরাঞ্চলজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মার ‘ডিগ্রির চর’ এবং পদ্মা-গড়াইয়ের মোহনায় এ সংঘর্ষ চলে বলে নিশ্চিত করেছেন পাবনার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।
স্থানীয় কৃষকেরা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মার চরাঞ্চলের ডিগ্রির চর বেশ কিছুদিন ধরে কালু বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।
মঙ্গলবার দুপুরে কাকন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে পদ্মা-গড়াই নদী মোহনায় এসে ডিগ্রির চরের দিকে লক্ষ্য করে হঠাৎ এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ঘটনার সময় চরের কৃষি জমিতে অন্তত অর্ধশত কৃষক কাজ করছিলেন। গুলির শব্দে তারা আতঙ্কে দিকবিদ্বিক ছোটাছুটি শুরু করেন।
পরে চরে অবস্থানরত কালু বাহিনীর সশস্ত্র সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়।
একপর্যায়ে শেষ বিকালের দিকে কাকন বাহিনী আরও দুটি ট্রলারে অতিরিক্ত অস্ত্র ও সদস্য এনে শক্তি বৃদ্ধি করে। সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের মধ্যে অন্তত কয়েক শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে।
রাজশাহী নৌ পুলিশের সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে গোলাগুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে নৌ পুলিশের টিম পাঠানো হয়। পরে ঈশ্বরদী থানা পুলিশের একটি দলও তাদের সঙ্গে অভিযানে যোগ দেয়।
সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আর কোনো গুলির শব্দ পুলিশ বা কৃষকেরা শুনতে পায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আগে আমরা এসব বাহিনীকে ধরতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছি। প্রয়োজনে আবারো অভিযান চালানো হবে।
দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও নৌ পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অস্ত্রধারীদের গ্রেফতার করতে চরাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।