স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সংগৃহীত ছবি

স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে একই অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৭৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। মাদ্রিদের দক্ষিণে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা কাস্তিয়া-লা মাঞ্চায় থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সানচেজ বলেন, পুরো স্পেন আজ শোকাচ্ছন্ন। এই ভয়াবহ ট্র্যাজেডির তদন্ত করা হবে। তিনি যেকোনো ত্রুটি শনাক্ত হলে তা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং উল্লেখ করেন, দুটি দুর্ঘটনার কারণ সম্ভবত একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়।

সানচেজ বলেন, আমাদের উচ্চ-গতির রেল ব্যবস্থার ওপর আস্থা পুনরুদ্ধারের জন্য যদি নিরাপত্তার মান আরও জোরদার করার প্রয়োজন হয়, তবে আমরা তা করব। কারণ স্পেনের মতো একটি দেশের জন্য একই বছরে দুটি উচ্চ-গতির রেল দুর্ঘটনা ঘটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে দুর্ঘটনার বিষয়ে পরিবহনমন্ত্রী বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই অঞ্চলটির রেললাইনের প্রধান এলজেডবি সিগন্যালে ত্রুটি দেখা দেয়। পরে সেখানে থাকা সব ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামার সংকেত দেওয়া হয়। যারমধ্যে ছিল দুর্ঘটনার শিকার হওয়া ‘রেনফে হাইস্পিড ট্রেন’ এবং ‘ইরো ট্রেন’। ওই সময় রেনফে ট্রেনটি পেছনে ছিল। আর ইরো ট্রেনটি ২৫ কিলোমিটার সামনে ছিল। সিগন্যালে ত্রুটি দেখা দেওয়ার স্পেনের সরকারি রেলঅবকাঠামো পরিচালনা সংস্থা (আদিফ) ট্রেন পরিচালনার কমান্ডের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয়। এরপর যিনি কমান্ডে ছিলেন তিনি ‘রেনফে হাইস্পিড ট্রেনটিকে’ চলার অনুমতি দেন। যদিও সিগন্যালে লালবাতি ছিল।

পরিবহন মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ‘রেনফে’ ট্রেনটি ঠিক কী গতিতে চলছিল তা এখনও জানা যায়নি। তবে রেললাইনের যে অংশে ট্রেনটি চলছিল, সেখানে সর্বোচ্চ ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার অনুমতি রয়েছে।

২০১৩ সালের পর ইউরোপে ঘটা সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা এটি। চলতি বছরের জানুয়ারিতে আন্দালুসিয়ার আদামুজ শহরের কাছে একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।