বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানে বিচারকের পদত্যাগ

বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানে বিচারকের পদত্যাগ

সংগৃহীত ছবি

বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের অব্যাহত হস্তক্ষেপের অভিযোগ এনে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ বিচারক পদত্যাগ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনীগুলো দেশটির উচ্চ আদালতগুলোর স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

চলতি বছরের এপ্রিল মাস থেকে লাহোর হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করা কায়ানি হলেন চতুর্থ বিচারক, যিনি বিতর্কিত সাংবিধানিক সংশোধনীগুলোর জেরে পদত্যাগ করলেন। এর আগে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মনসুর আলী শাহ ও বিচারপতি আতহার মিনাল্লাহ এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মাহমুদ মির্জা একই ধরনের কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন।

বিচারপতি মহসিন আখতার কিয়ানি জানিয়েছেন, তার বিবেক আর তাকে বিচারকের পদে বহাল থাকতে দিচ্ছে না। এক দশকেরও বেশি সময় বিচারিক দায়িত্ব পালনের পর নেওয়া এই পদত্যাগের সিদ্ধান্তকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে এই বিচারক ব্যক্তিগত কারণের পাশাপাশি বিচার ব্যবস্থার গতিপথ নিয়ে গভীর উদ্বেগের কথা উল্লেখ করেছেন। ব্যক্তিগত কারণগুলোর মধ্যে রয়েছে সাম্প্রতিক অস্ত্রোপচারের পর স্বাস্থ্যের অবনতি। তিনি লিখেছেন, আমার বিবেচনায় ২৬তম ও ২৭তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তনগুলো উচ্চ আদালতগুলোর স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, আমি দেখেছি বিচারিক প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ক্রমশ বাড়ছে, এমনকি বিচারকদের নিয়োগ ও বদলির ক্ষেত্রেও এই হস্তক্ষেপ বিস্তৃত হয়েছে। তার মতে, এ ধরনের হস্তক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনি প্রক্রিয়ার নিরপেক্ষতার ওপর জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

কায়ানি জানান, ন্যায়বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্দশা তাকে বিশেষভাবে ব্যথিত করেছে; তাদের প্রয়োজনগুলোকে ক্রমাগত উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, যারা ন্যায়বিচার পাওয়ার আশায় আসেন, তাদের প্রয়োজনগুলোকে প্রায়শই উপেক্ষা করা হয়েছে। অথচ যে ব্যবস্থাটি তাদের সেবা করার জন্য তৈরি হয়েছিল, তার সুবিধা ভোগ করছেন অন্য পক্ষগুলো।

এই বিচারক আরও বলেন, এমন পরিস্থিতিতে, আমার বিবেক আমাকে বিচারকের আসনে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় না। তিনি জানান, বিচারিক দায়িত্বের সঙ্গে স্বাধীনতা, সাংবিধানিক নীতি এবং মানুষের মর্যাদার সুরক্ষা অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকা উচিত। কায়ানি জানিয়েছেন, তিনি পুনরায় আইন পেশায় ফিরে যেতে চান, যেখানে তিনি মানুষের অধিকার রক্ষা এবং আইনি সচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়ার আশা রাখেন।

পাকিস্তানের বিভিন্ন উচ্চ আদালতে জ্যেষ্ঠ বিচারকদের বদলি নিয়ে কয়েক মাস ধরে চলা বিতর্কের প্রেক্ষাপটে তার এই পদত্যাগের ঘটনা ঘটল। দেশটির জুডিশিয়াল কমিশনের অনুমোদনের পর গত এপ্রিলে বিচারপতি কায়ানিকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে লাহোর হাইকোর্টে বদলি করা হয়েছিল। একই সময়ে বিচারপতি বাবর সাত্তারকে পেশোয়ার হাইকোর্টে এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজকে সিন্ধু হাইকোর্টে বদলি করা হয়।

স্থানান্তরের আগে কায়ানি ইসলামাবাদ হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক (সিনিয়র পুইসন জাজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তাকে ওই আদালতের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো। ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, পরবর্তীতে তিনি তার জ্যেষ্ঠতা হারান এবং লাহোর হাইকোর্টের জ্যেষ্ঠতার তালিকায় ১২তম অবস্থানে চলে আসেন। পূর্বের জ্যেষ্ঠ অবস্থানে থাকা সত্ত্বেও, তাকে কোনো ডিভিশন বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে কায়ানি এবং অন্যান্য বিচারক ইসলামাবাদ হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগারের প্রশাসনিক ক্ষমতার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, প্রধান বিচারপতি ইচ্ছামতো বিচারকদের বিচারিক তালিকা (জুডিশিয়াল রোস্টার) থেকে বাদ দিতে পারেন। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ হাইকোর্টগুলোর মধ্যে বিচারক স্থানান্তরের এই বিতর্কিত সিদ্ধান্তটিকে বহাল রেখেছিল।

২০২৪ সালের মার্চ মাসে ইসলামাবাদ হাইকোর্টের ছয়জন বিচারক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে চিঠি লিখেছিলেন, তাদের মধ্যে কায়ানিও ছিলেন। ওই চিঠিতে বিচারিক কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল। ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারকদের পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে এবং তাদের বাসভবনের ভেতরে নজরদারি চালিয়ে বিচারকদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।

এই অভিযোগগুলো পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে চলমান বৃহত্তর বিতর্কের একটি অংশ। ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ হাইকোর্টে নিযুক্ত হওয়া কায়ানি জানিয়েছেন, তার বিচারিক কর্মজীবনে তিনি ২৩ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি করেছেন। ২০৩২ সালের ১০ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার নির্ধারিত তারিখ ছিল; তার আগেই তিনি পদত্যাগ করলেন।

কিয়ানি বিচারক হিসেবে কাটানো সময়গুলোকে তার জীবনের অন্যতম অর্থবহ অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন এবং একই সঙ্গে তার সহকর্মী বিচারক, শিক্ষক ও পরিবারের সদস্যদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: ডন, আরব নিউজ।