ডাবলিন বিমানবন্দরে হুমকিসূচক আচরণের অভিযোগ সাঙ্গাকারার

ডাবলিন বিমানবন্দরে হুমকিসূচক আচরণের অভিযোগ সাঙ্গাকারার

সংগৃহীত ছবি

ডাবলিন বিমানবন্দরে পরিবারের সঙ্গে ভ্রমণের সময় ‘রায়ানএয়ার’-এর গেট কর্মীদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও হুমকিসূচক আচরণের অভিযোগ করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার নিজের হতাশা প্রকাশ করেন এবং পুরো ঘটনাটিকে ‘হতবাক করার মতো’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সাঙ্গাকারা লেখেন, ডাবলিনে ‘রায়ানএয়ার’-এর গেট কর্মীদের কাছ থেকে কি কেউ কখনো বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন? তিনি আরও লেখেন, আমি ও আমার পরিবার সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা ছিল অত্যন্ত হতাশাজনক। তাদের কথা বলার ভঙ্গি, নিয়মকানুন পালনে ত্রুটি এবং হুমকিসূচক আচরণ। কোনো যাত্রীর ক্ষেত্রেই এটি গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটিই আমার প্রথম বাজে অভিজ্ঞতা।

৪৮ বছর বয়সী সাঙ্গাকারা ঠিক কী পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তা বিস্তারিত জানাননি, তবে এয়ারলাইনটির কর্মীদের আচরণে তিনি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন। সাঙ্গাকারার এই পোস্টে আরেক শ্রীলঙ্কান নাগরিক সঞ্জীব বীরওয়ারানা মন্তব্য করেন এবং বিদেশে নিজের বৈষম্যের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বীরওয়ারানা লেখেন, কুমার, আমি পশ্চিমা বিশ্বের প্রতিটি প্রান্তে বৈষম্যের শিকার হয়েছি। আমি সেখানে ১৬ বছর কাটিয়েছি, আরও ২৫ বছর আসা-যাওয়ার মধ্যে ছিলাম, এখন আর এসব সহ্য করতে পারছি না। তিনি আরও জানান, খারাপ আচরণের অভিজ্ঞতার কারণে এখন থেকে খুব প্রয়োজন ছাড়া তিনি আর সেখানে ভ্রমণ করতে চান না।

এর উত্তরে সাঙ্গাকারা লেখেন, এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া সত্যিই খুব কষ্টদায়ক, সঞ্জীব। সাঙ্গাকারা শ্রীলঙ্কার হয়ে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয়। তার এই অভিযোগ এয়ারলাইন কর্মীদের দ্বারা যাত্রীদের প্রতি আচরণের বিষয়টি সামনে নিয়ে এসেছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, সাঙ্গাকারার অভিযোগের বিষয়ে ‘রায়ানএয়ার’-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।