ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রতিকি ছবি
ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে শেষ রক্ষা হলো না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারের (৪৬)।
বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।