বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরে এমপি মান্নানের প্রচার

বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরে এমপি মান্নানের প্রচার

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতীত ও বর্তমান সরকারের আমলের পণ্যমূল্যের তুলনামূলক চিত্রসংবলিত লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। পরে চৌরাস্তা মোড়সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতেও লিফলেট তুলে দেন।

লিফলেটে বিগত সরকারের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বর্তমান সময়ের বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে তাঁদের সচেতন হওয়ার আহবান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া।

এ ছাড়া মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব হাসান, সদস্যসচিব আরিফুল ইসলাম, থানা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মির্জা মুন্না, আমজাদ হোসেন মৃধা, হামিদুল, মিজান, ইউসুফ, সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।