পতিত স্বৈরাচারের পর নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম
ছবিঃ সংগৃহীত।
পতিত স্বৈরাচারের বিদায়ের পর দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের তরুণ সমাজ ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই উভয় স্বৈরাচারকেই পরাজিত করতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী সরকারপ্ররোচিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, বর্তমান বিএনপি সরকার ও জনাব তারেক রহমানের কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনাই নেই।’
লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমান লুটপাটের রাজনীতি কায়েম করছেন অভিযোগ করে তিনি বলেন, তাদের একমাত্র পরিকল্পনা হলো দেশ থেকে কীভাবে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব কায়েম করা যায়। মূলত এই পরিকল্পনা নিয়েই তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘শুনছি আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে আসবে। আমরা জানি, এই নতুন স্বৈরাচার (বিএনপি) তাকে কোনোভাবেই মোকাবিলা করতে পারবে না। যারা বিগত ১৬ বছরেও পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে? হাজারো মানুষের রক্তদানের পর পতিত স্বৈরাচারকে বিদায় করে আমরা এখন নতুন এক স্বৈরাচারের উত্থান দেখছি। তবে আপনাদের সামনে আমাদের ওয়াদা, পতিত এবং নব্য—এই দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব।’
সমাবেশে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আয়োজিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। সেই গণভোটকে বাদ দিয়ে সালাহউদ্দিন আহমেদ সংবিধান কাটাছেঁড়ার দায়িত্ব নিয়েছেন। তিনি সালাহউদ্দিন আহমেদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘তারা উভয়েই ব্যর্থ হয়েছেন।’
একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি নির্বাচনের প্রথম দিন থেকেই জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে।
সীমান্ত হত্যা ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। সীমান্তে হত্যা করা হচ্ছে, পাহাড়ে অশান্তি তৈরি করা হচ্ছে। ভারতের চক্রান্ত থেকে এই সরকার দেশকে রক্ষা করতে পারবে না।
তিনি অভিযোগ করেন, জাপানে গিয়ে তারেক রহমান অবৈধ করিডোর ভারতের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের জনগণ এমন কোনো অবৈধ করিডোর মেনে নেবে না। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে করা না হলে আমরা একবিন্দুও ছাড় দেব না।’