ধর্ম পরিবর্তনের পর ঢাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, আটকে আছে প্রত্যয়নপত্র
ছবিঃ সংগৃহীত।
হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের পর ধর্মীয় পরিচয়ের কারণে প্রশাসনিক হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র পেতে দুই মাস ধরে নড়াইল পৌরসভায় ঘুরেও সেটি পাচ্ছেন না বলে অভিযোগ তার। এতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি এবং এসএসসি ও এইচএসসি সনদ সংশোধনের প্রক্রিয়াও আটকে আছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. ওরহান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার মহিষখোলায়।
ওরহান জানান, তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়। তখন থেকেই তিনি নিজে নিজে নামাজ পড়তেন। নবম শ্রেণিতে পড়ার সময় কালেমা পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কোর্ট এফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।
ধর্ম পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় নিজের জন্মনিবন্ধন সংশোধন করেন ওরহান। এরপর এসএসসি ও এইচএসসি সনদে নাম সংশোধনের জন্য শিক্ষাবোর্ডে আবেদন করেন। এ সময় নড়াইল পৌরসভার একটি প্রত্যয়নপত্র চাওয়া হয়। তবে গত দুই মাসেও সেই প্রত্যয়নপত্র পাননি বলে জানান তিনি।
ওরহানের অভিযোগ, নড়াইল পৌরসভায় বর্তমানে নির্বাচিত মেয়র না থাকায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করছেন। ওই কর্মকর্তা সনাতন ধর্মাবলম্বী। ইসলাম ধর্ম গ্রহণের কারণে তিনি ইচ্ছাকৃতভাবে তার ফাইলে স্বাক্ষর করছেন না বলে অভিযোগ করেন ওরহান।
ওরহান বলেন, ‘বর্তমান কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি আরও অপেক্ষা করতে বলেন এবং বিষয়টি আবারও তদন্ত করা হবে বলে জানান। অথচ এর আগে জন্মনিবন্ধন সংশোধন ও এই আবেদনের সময় মোট দুইবার তদন্ত করা হয়েছে। তৃতীয়বার তদন্তের নামে মূলত তিনি আমাকে ঘুরাচ্ছেন।’
এ বিষয়ে জানতে নড়াইল পৌরসভার প্রশাসক লিংকন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা পোস্টকে বলেন, ‘আমি মাত্র এক থেকে দেড় সপ্তাহ হলো এই দায়িত্বে এসেছি। এর আগে দীর্ঘ সময় কেন ফাইলটি আটকে ছিল, তা আমি ঠিক বলতে পারব না। আগের কর্মকর্তারা বদলি হয়ে চলে গেছেন।’
ধর্ম পরিবর্তনের কারণে ফাইল আটকে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত সপ্তাহের একটি মিটিংয়ে বিষয়টি আমার নজরে এসেছে। এরপর আমি সহকারীদের বলেছি, যেহেতু দেড় থেকে দুই মাস হয়ে গেছে, আপনারা ফাইলটি পর্যালোচনা করে আমাকে রবি-সোমবারের মধ্যে জানান। এর আগে দীর্ঘ সময় কেন এটি আটকে ছিল, সে বিষয়েও তারা তখন বক্তব্য দেবে।’