চ্যাম্পিয়ন্স ট্রফি: তিন ম্যাচে ২০ গোল হজম বাংলাদেশের জিমি-আমিরুলদের
ছবি সংগৃহীত।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। এশিয়ার সেরা পাঁচ দলের সঙ্গে খেলার সুযোগ পেলেও মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি পিটার গেরহার্ডের দল। লিগ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র একটি গোল দিতে পেরেছে জিমি-আমিরুলরা, বিপরীতে হজম করেছে ২০ গোল।
ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ।
২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেন আমিরুল ইসলাম। তবে এরপর আর ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও পাঁচটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় মালয়েশিয়া। দলটির হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন আবু কামাল।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বড় পরাজয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে হারলেও লড়াই করেছিল দলটি। তবে মালয়েশিয়ার বিপক্ষে আবারও বড় ব্যবধানে হেরে হতাশা বাড়িয়েছে বাংলাদেশ।
পাকিস্তান অংশ না নেওয়ায় এবারের আসরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। আগামী ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে জিমি-আমিরুলরা।