আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম

ছবি সংগৃহীত।

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নিতে চান না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চায়। তাদের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয় বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ষষ্ঠ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের রায়হান উদ্দীন মিনা এ তথ্য জানান।

ফয়জুল করীম বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয় বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে সেটিই প্রকৃত সফলতা। তাদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন জরুরি।

জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না বলেও মন্তব্য করেন।

এ ছাড়া মাদরাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার এবং সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান এবং আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা এবং কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ উপকমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ইমদাদুল ফেরদৌস। এ সময় সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শওকত ওসমান, সহসভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম নাসির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।