কলাবাগানে বাসা থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাবাগানে বাসা থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকার একটি বাসা থেকে আবু হাসান (৮) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা ইসলাম উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তারা বর্তমানে কলাবাগানের কাঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসার চতুর্থ তলায় ভাড়া থাকেন। তিনি দিনমজুরের কাজ করেন এবং শিশুটির মা তাসরিন বেগম বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের মধ্যে আবু হাসান স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইসলাম উদ্দিন বলেন, শুক্রবার সকালে তিন সন্তানকে বাসায় রেখে তারা দুজনই কাজে বের হন। বিকেলে তাসরিন বেগম বাসায় ফিরে দেখেন, ছোট দুই সন্তান এক ঘরে রয়েছে। অন্য ঘরের দরজা ড্রাম দিয়ে আটকে রেখেছে আবু হাসান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢোকেন তিনি। এ সময় ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটিকে ঝুলতে দেখেন। পরে তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের দাবি, আবু হাসানের মানসিক সমস্যা ছিল। এর আগেও সে একই ধরনের চেষ্টা করেছিল। তবে পরিবারের সদস্যরা দেখে ফেলায় তখন তা সম্ভব হয়নি। এবারও সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তাঁদের ধারণা। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানা-পুলিশ তদন্ত করছে।