মাদকবিরোধী অভিযানে এসআরবি সদস্যদের ওপর হামলা; কারাগারে ২৬

মাদকবিরোধী অভিযানে এসআরবি সদস্যদের ওপর হামলা; কারাগারে ২৬

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চলাকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ২৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. আজমল (৪০), মো. সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), মো. ইকবাল মিয়া (৩৬), মো. তানভীর আহমেদ (১৮), মো. রাশেদ (১৮), রকি আহম্মেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২১), চান মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৯), গোলাম রাব্বী (১৮), ছিদ্দিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের চতুর্থ তলার একটি পরিত্যক্ত ভবনে মাদকবিরোধী অভিযান চালান এসআরবি সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ কয়েকজনকে আটক করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আটকের খবর পেয়ে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় ২৮ অক্টোবর এসআরবি-১০-এর কেরানীগঞ্জের লালবাগ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আ. আহাদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।