মীর সাব্বিরের পরিচালনায় ধারাবাহিক ‘খুব চেনা গল্প’
মীর সাব্বির
নিজের গল্প ভাবনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। ‘খুব চেনা গল্প’ নামের এই ধারাবাহিক নাটকটি আগামী নভেম্বরে প্রচার শুরু হবে। এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।
ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।
নতুন ধারাবাহিকটি নিয়ে মীর সাব্বির সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘খুব চেনা গল্প আমাদের জীবনেরই গল্প; পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্প। আমাদের জীবনের এসব চেনা গল্প নিয়ে কিন্তু আমরা বেশি ভাবি না।’
নাটকটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুরও। মীর সাব্বিরের পরিচালনার প্রশংসা করে তিনি বলেন, ‘সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তারচেয়ে বেশি সিনসিয়ার পরিচালক হিসেবে।’
অভিনেতা শাহেদ আলীও পরিচালক হিসেবে মীর সাব্বিরের কাজের প্রশংসা করেছেন। বলেছেন, ‘একজন পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী, ডেডিকেটেড।’