‘বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে, ঠাকুরগাঁওয়ের মানুষ তা প্রমাণ করেছে’
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জনপ্রিয়তায় বড় ধরনের ধসের প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষ বিরোধী দলের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরার উৎসবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রার্থীর ঘোষিত বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের ভোটাররা। বিভিন্ন সময়ে যারা লংমার্চ ও রোডমার্চের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণ তাদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিরোধী দলের জনপ্রিয়তায় যে ধস নেমেছে, তা এই নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন তুলনামূলকভাবে অনেক কম ভোট। জনগণের ভোটের রায়ই নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে।
দেশব্যাপী খাল ও নদী খনন কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদী ও খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার খনন কার্যক্রম পরিচালনা করছে। এসব উন্নয়ন প্রকল্পে কোথাও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেন। জলকপাট খুলে দেওয়ার পর ব্যারেজ এলাকায় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব। দীর্ঘদিন পর জলকপাট খুলে দেওয়ায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ মাছ ধরার আয়োজনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।