ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর, গুদারাঘাট এবং হাটবাজারে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন সড়ক, নালা, খাল, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তক্কার মাঠ থেকে নন্দলালপুর পর্যন্ত খাল সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে ওষুধ ছিটানো হয়েছে। এর মাধ্যমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইউএনও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কার্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গুমুক্ত উপজেলা গড়ে তুলতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।