কমনওয়েলথের বিশেষ ম্যাচে সুযোগ পেলেন বাংলাদেশের রাতুল

কমনওয়েলথের বিশেষ ম্যাচে সুযোগ পেলেন বাংলাদেশের রাতুল

সংগৃহীত ছবি

কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও একতার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হবে  ‘কমনওয়েলথ ফিউচার স্টারস’ টি-টেন ম্যাচ। আগামী রবিবার অ্যান্টিগার বিখ্যাত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচটি।

ম্যাচে মুখোমুখি হবে ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ দল এবং ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দল। এই বিশেষ ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সামিউন বশির রাতুল।

বাংলাদেশের এই স্পিনার খেলবেন ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। ১২ সদস্যের এই স্কোয়াডে দলটিতে আরো সুযোগ পেয়েছেন ইংল্যান্ড, কানাডা ও বারমুডার ক্রিকেটাররা।

ম্যাচে অংশ নিতে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মাঝপথেই অ্যান্টিগায় পৌঁছেছেন ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

 ২০২৬ কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের (চোগম) অংশ হিসেবে এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ডাগআউটে মেন্টর ও অনারারি ম্যানেজার হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটের দুই কিংবদন্তি। ক্যারিবীয় তরুণদের দিকনির্দেশনা দেবেন কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস এবং ওয়াইডার কমনওয়েলথ দলের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার।

১২টি ভিন্ন ক্যারিবীয় দেশের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গঠিত ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ দলটির নেতৃত্ব দেবেন ডোমিনিকার স্টিফান প্যাসকেল।

একই সন্ধ্যায় তরুণদের এই ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের নিয়ে একটি বিশেষ টি-৫ (৫ ওভারের) ম্যাচ, যার নাম দেওয়া হয়েছে ‘কমনওয়েলথ হেডস শোডাউন’। 

 এই ম্যাচে ক্যারিবীয় রাষ্ট্রপ্রধানদের দলের অধিনায়কত্ব করবেন গায়ানার প্রেসিডেন্ট ড. ইরফান আলী এবং ওয়াইডার কমনওয়েলথ একাদশের নেতৃত্বে থাকবেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট কিথুরে কিন্ডিকি। ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিশ্বমঞ্চে ঐক্য সুদৃঢ় করাই এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।