এইচএসসি অকৃতকার্যদের বিদেশে উচ্চশিক্ষা ও ভিসায় কি জতিলতা তৈরি করে?
ফাইল ছবি
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো শনিবার (৩১ অক্টোবর)। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী দেশের বাইরে যান উচ্চশিক্ষার জন্য।
আর ফলাফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের চিন্তার শেষ নেই। অনেকের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবে না এটা ভেবে হতাশ হচ্ছেন? সত্যি কি অকৃতকার্য মানে সব দরজা বন্ধ? বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কি শেষ হয়ে যায়?
তবে বাস্তবতা কিন্তু ভিন্ন। অকৃতকার্য হলেই সব শেষ নয়।
এইচএসসিতে একবার অকৃতকার্য হয়ে পরবর্তী সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদেশে পড়াশোনার সুযোগ পাওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হবে।
এবারের ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।
এ বছর এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। ফলে যারা এবার কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের জন্য দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা উচ্চশিক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।
যেসব দেশে আবেদন করা যাবে
এইচএসসিতে পুনরায় পরীক্ষা দিয়ে পাস করার পর কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করা যায়। তবে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা এক নয়।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় সরাসরি স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ দেয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডেশন বা পাথওয়ে প্রোগ্রাম সম্পন্ন করতে হতে পারে। শিক্ষার্থীর এইচএসসির ফল, বিষয়ভিত্তিক নম্বর, ইংরেজি দক্ষতা এবং পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য দেখে নিতে পারেন। এছাড়াও কোন দেশে আবেদন করা তার জন্য সঠিক সিদ্ধান্ত সেটা জানতেও ইন্টারনেটের তথ্য দেখে যাচাই করে দিতে হবে। বিভিন্ন এজেন্সির দেখা তথ্যের উপর ভরসা না করে ঘরে বসে নিজেও শিক্ষার্থী তথ্য দেখতে পারেন। কারণ এখন সব বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ভর্তির বিষয়ে তথ্য দেয়। এছাড়াও বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত ওয়েবসাইট গুলোতেও নানান তথ্য পাওয়া যায়।
একবার ফেল করলে কি ভর্তি হতে সমস্যা হয়?
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষাগত যোগ্যতা, অ্যাকাডেমিক ফলাফল এবং ভর্তির শর্ত পূরণের বিষয়টি বিবেচনা করে। কোনো পরীক্ষায় প্রথমবার অকৃতকার্য হওয়ার কারণে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন বাতিল হয়ে যায়, এমন কোনো সার্বজনীন নিয়ম নেই।
তবে বিশ্ববিদ্যালয়ভেদে একাধিকবার পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেয়া হতে পারে। কোথাও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছর, ফলাফল প্রকাশের সময় এবং শিক্ষাগত বিরতির ব্যাখ্যাও চাওয়া হয়। তাই আবেদনের আগে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা যাচাই করা জরুরি।
ভিসা পেতে কি জটিলতা দেখা দেয়?
দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষায় পাস করলে শুধু আগেরবার অকৃতকার্য হওয়ার কারণে বিদেশে শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যান হওয়ার কথা নয়। তবে ভিসা আবেদনের সময় শিক্ষার্থীর একাডেমিক ইতিহাস, পড়াশোনার বিরতি, নির্বাচিত কোর্সের যৌক্তিকতা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করা হতে পারে।
আগের ফলাফল সম্পর্কে তথ্য চাওয়া হলে তা গোপন করা উচিত নয়। বরং কেন প্রথমবার ভালো ফল করা সম্ভব হয়নি এবং পরবর্তী সময়ে কীভাবে প্রস্তুতি নিয়ে পাস করেছেন, তা প্রয়োজন হলে ব্যাখ্যা করতে হবে। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আর শিক্ষার্থী ভিসা পাওয়া দুটি আলাদা প্রক্রিয়া।
শুধু একটি পরীক্ষার ফল খারাপ হয়েছে বলে বিদেশে পড়াশোনার পরিকল্পনা বাদ দেয়া উচিত নয়। বরং পুনরায় পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা সম্পর্কে আগেই খোঁজ নেয়া প্রয়োজন। সেই সঙ্গে ভাষা শিক্ষার বিষয়েও নজর দিতে হবে। তাই হতাশ না হয়ে সমাধানের পথ খুঁজতে হবে। বর্তমান ডিজিটাল দুনিয়ায় সহজেই ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।