ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে সম্মাননা তুলে দিলেন ইমদাদুল হক মিলন

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব দিবসে সম্মাননা তুলে দিলেন ইমদাদুল হক মিলন

ছবি: সংগৃহীত

একটি শিশুর হাতে বই তুলে দেওয়া, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা কিংবা প্রকৃতি ও প্রাণীর সুরক্ষায় কাজ করা—এমন নানা উদ্যোগে সমাজে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছেন দেশের তরুণেরা। তাদের এসব সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দিতে ১৫ তরুণ সংগঠককে ‘বসুন্ধরা শুভসংঘ যুব সংগঠক সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসে বসুন্ধরা শুভসংঘ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকারিয়া জামান। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক রানা মিত্র ও দপ্তর সম্পাদক ফেরদৌস আলম সজীব।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, যেকোনো ভালো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি বসুন্ধরা শুভসংঘের সঙ্গে যুক্ত হতে পারেন। সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণদের আরও উৎসাহিত করা হবে। সামাজিক সংগঠনগুলোকেও বসুন্ধরা শুভসংঘ সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, প্রকৃত মানুষ হয়ে উঠতে শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি প্রকৃতি এবং প্রাণিজগতের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকা জরুরি। পৃথিবী শুধু মানুষের জন্য নয়, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই উন্নয়নের পাশাপাশি জীবজগতের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে মো. ইমরান হোসেন পথশিশুদের জন্য ‘মুসাফির ইশকুল’ পরিচালনা করে শিক্ষার আলো ছড়াচ্ছেন। তিনি বলেন, কোনো শিশু যেন আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সে জন্য কাজ করে যেতে চান। ভবিষ্যতে আরও বেশি শিশুর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই তার স্বপ্ন।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’ চালু ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন শাহ মো. হাসিবুর রহমান হাসিব। ২০১৭ সাল থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তিনি এর আগে ২০২২ সালেও সম্মাননা পেয়েছিলেন। দ্বিতীয়বারের এই স্বীকৃতিকে কাজের মূল্যায়ন উল্লেখ করে তিনি বলেন, এটি মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার দায়িত্ব বাড়িয়েছে।

সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের জন্য সম্মানিত হয়েছেন আবদুল হান্নান মিল্টন। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের সঙ্গে থেকে মানবিক সমাজ গঠনে কাজ করতে চান।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন সৈয়দা অনন্যা ফারিয়া। তিনি বলেন, ভালো কাজের সঙ্গে যুক্ত মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রে শুভসংঘের উদ্যোগ তাকে মুগ্ধ করেছে। আগামী দিনেও সামাজিক ও পরিবেশ সংরক্ষণমূলক কাজে যুক্ত থাকতে চান।

তরুণ নেতৃত্ব তৈরি ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করায় সম্মাননা পেয়েছেন মো. শাফায়াত হোসেন। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই একজন সংগঠকের বড় প্রাপ্তি। তরুণদের সঙ্গে নিয়ে আরও বেশি মানবিক কাজ করতে চান তিনি।

১৩ হাজার শিশুর হাতে গল্পের বই পৌঁছে দেওয়া এবং ‘বিদ্যাবিকাশ পাঠাগার’-এর মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তুলতে অবদান রাখায় সম্মানিত হয়েছেন কাজী ইয়াকুব আলী নিমেল। তিনি বলেন, কুমিল্লায় শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। ভবিষ্যতে আরও পাঠাগার স্থাপন এবং সামাজিক উদ্যোগ বিস্তারের পরিকল্পনা রয়েছে তার।

নারী নেতৃত্বের বিকাশ ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন তানজিনা আক্তার জেরিন। তিনি বলেন, এই স্বীকৃতি তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। তরুণদের সঙ্গে নিয়ে মানবিক সমাজ গঠনে কাজ করে যেতে চান।

সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন আব্দুল মমিন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে সচেতনতা তৈরিতে অবদানের জন্য সম্মানিত হয়েছেন শাকিল ইসলাম। জরুরি প্রয়োজনে রোগীদের পাশে দাঁড়ানোকে তিনি মানবিক দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও রক্তদানের কার্যক্রম সম্প্রসারণে কাজ করতে চান।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সামিয়া আক্তার। তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই সামাজিক কাজের সার্থকতা। মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান তিনি। স্বেচ্ছাসেবা ও সাংবাদিকতার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় সম্মানিত হয়েছেন মুনজুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এই স্বীকৃতি মানুষের কল্যাণে কাজ করার দায়িত্ব আরও বাড়িয়েছে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চান তিনি।

আবৃত্তি, সাহিত্য-সংস্কৃতি, বিতর্কচর্চা ও স্বেচ্ছাসেবায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন লাবণ্য মল্লিক। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে তরুণদের সম্পৃক্ত রাখতে কাজ করে যেতে চান।

সাংগঠনিক দক্ষতা ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করায় সম্মানিত হয়েছেন মেহরাব বিন আলী নিসান। তিনি বসুন্ধরা শুভসংঘ উত্তরা শাখার সভাপতি। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের যুক্ত করে ইতিবাচক পরিবর্তন আনতে চান।

অবহেলিত প্রাণীদের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করায় সম্মাননা পেয়েছেন সানজিদা হোসেন তানিশা। তিনি বলেন, প্রাণীদের প্রতিও মানুষের দায়িত্ব রয়েছে। তাদের সুরক্ষা ও কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যুব সংগঠক সম্মাননা-২০২৬’ অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে এই সম্মাননার জন্য মনোনীত করায় বসুন্ধরা শুভসংঘের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।  আমি মনে করি, এই সম্মাননা আমার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। 

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে শুভসংঘের সঙ্গে তার পথচলা। সংগঠনটি তাকে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা শিখিয়েছে। ‘যুব সংগঠক সম্মাননা’ তরুণদের দায়িত্ববোধ ও কাজের গতি বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানুষের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তে অনেক তরুণ নিজেদের সামর্থ্য ও উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করছেন। তাদের অনেকের কাজ হয়তো প্রচারের আলোয় আসে না। এসব উদ্যোগকে পরিচিত করা, সংগঠকদের উৎসাহিত করা এবং ভালো কাজের সঙ্গে আরও তরুণকে সম্পৃক্ত করাই ‘যুব সংগঠক সম্মাননা’ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, সম্মাননা পাওয়া তরুণেরা নিজ নিজ ক্ষেত্রে যে কাজ করছেন, তা অন্যদের জন্যও অনুসরণীয়। এই স্বীকৃতি তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।