আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নামিবিয়া। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে দলটি।
রবিবার (১ নভেম্বর) পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নামিবিয়া। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।
উইন্ডহোকে টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের তোপে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। স্বাগতিকদের হয়ে জেজে স্মিট ২০ রান খরচায় ৪ উইকেট এবং জ্যাক ব্রাসেল ১৫ রানে ৩ উইকেট নেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় নামিবিয়া। লরেন স্টিনক্যাম্পের ৪৬ ও অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৩০ রানের ইনিংসে ২১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। জেন গ্রিন ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা ছিল নামিবিয়ার। ২০২২ ও ২০২৩ সালে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতেছিল তারা। এবার ওয়ানডেতেও সেই সাফল্য এনে দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল দলটি