৪২০ সিরিজ: মোশাররফ করিমকে নিয়ে ফিরছেন ফারুকী?

৪২০ সিরিজ: মোশাররফ করিমকে নিয়ে ফিরছেন ফারুকী?

ফাইল ছবি

দেশের ইতিহাসে আলোচিত কমেডি ঘরানার ধারবাহিকের মধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প নিয়ে নির্মিত ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই ধারাবাহিক টেলিভিশন দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। এর ১৭ বছর পর, ২০২৪-এ সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে আসেন নির্মাতা। এটিও বেশ জনপ্রিয়তা পায়। এবার নির্মাতা ইঙ্গিত দিলেন ধারাবাহিকটি তৃতীয় কিস্তি নির্মাণের। অর্থাৎ, ‘৮৪০’ এর ডাবল আপ ‘১৬৮০’ নিয়ে পরিকল্পনা করছেন ফারুকী। 

রোববার রাতে সামাজিক মাধ্যমে ‘৪২০’-এর মুখ্য অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনুমান, শুটিং ফ্লোর থেকে অভিনেতার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নির্মাতা। খানিক রহস্য রেখে ফারুকী সেই পোস্টে লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’

ফারুকীর এই লেখায় স্পষ্ট, ‘৪২০’ এর তৃতীয় কিস্তি অর্থাৎ ‘৮৪০’ এর পর ‘১৬৮০’ দিয়ে মোশাররফ করিমের সঙ্গে ফিরছেন নির্মাতা। তবে আগের সিক্যুয়েল ‘৮৪০’ চলচ্চিত্র আকারে নির্মাণ করা হলেও এটি ঠিক কোন সংস্করণে আসবে তা স্পষ্ট করেননি ফারুকী।

নতুন এই প্রোজেক্ট নিয়ে নিয়ে আরও জানতে চাইলে ঢাকা পোস্টের কাছেও রহস্য জিইয়ে রাখলেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতার কথায়, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’

‘৪২০’ ধারাবাহিকের গল্প ছিল দুই চোরের ঢাকায় আসার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া নিয়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। এরপর ‘৮৪০’-এ ক্ষমতাচ্যুত নেতাদের প্রেক্ষাপটে নির্মিত হয় গল্প। এতে পর্দায় চমক দেখান এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মমসহ অনেককে। এবার ‘১৬৮০’ দেখার অপেক্ষায় দর্শক।