ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক সকালে উপজেলার উত্তর ফটিকছড়ির দাঁতমারা তদন্ত কেন্দ্রসংলগ্ন হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। আহত রাকিব তার বন্ধু। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সজিবের মৃত্যু হয়। আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মিনি ট্রাকের চালককে শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।